শামীম ওসমান ও তার ছেলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।


সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোট ১২ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।


অভিযুক্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এ মামলায় তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানকেও আসামি করা হয়েছে।


প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ পরিপ্রেক্ষিতেই মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা দায়ের করা হয়।


ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে অন্যান্য আসামিদের নাম আপাতত প্রকাশ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা এই অভিযোগের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম নতুন ধাপে প্রবেশ করল বলে জানিয়েছেন আইন সংশ্লিষ্টরা।