মহান বিজয় দিবস আজ
ছবিঃ বিপ্লবী বার্তা
আজ ১৬ই ডিসেম্বর। ৫৫তম মহান বিজয় দিবস। বাঙালির চিরগৌরবের দিন আজ। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের আজকের এই দিনে বিশ্বমানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে জায়গা করে নিয়েছিলো বাংলাদেশ। প্রথমবারের মত স্বাধীন বাংলার আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। লাখো কণ্ঠে সেদিন সরবে বেজেছিল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। 


দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে নেমেছে জনতার ঢল। সেই সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দিয়েছেন পৃথক বাণী। বিজয় দিবসকে কেন্দ্র করে তাঁরা দেশে ও বিদেশ বসবাসরত বাংলাদেশিদের বিজয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বানীতে বলেন, ‘স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরো শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’


প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা যে কোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন।’ 


এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি কর্মসূচির মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। এ ছাড়া থাকবে কুচকাওয়াজ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি পালন করবে।


বিজয় দিবস বাঙ্গালীর প্রানের দিবস। বাংলার অস্তিত্বের দিবস। ভালবাসার দিবস। চারদিকে ছোট বড় লাল সবুজের পতাকায় মোড়ানো বাংলার এই চিরচেনা রুপই জানান দেয় ছোট-বড়, বৃদ্ধ-বানিতা, বাংলার প্রতিটা কোণে প্রতিটা মানুষের হৃদয়ে এখনো অমলিন স্বাধীনতার গৌরব।