প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতের ১৯ বছর পেরিয়ে গেলেও সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন পিরোজপুরের উপকূলীয় এলাকার মানুষ। ২০০৭ সালের ১৫ নভেম্বরের ভয়াল রাতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে জেলার বিস্তীর্ণ জনপদ লন্ডভন্ড হয়ে যায়। সরকারি হিসাবে, সেদিন জেলায় পাঁচ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। বিধ্বস্ত হয় প্রায় দেড় লাখ ঘরবাড়ি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নদীভাঙন ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় অনেক এলাকায় এখনো গড়ে ওঠেনি টেকসই বেড়িবাঁধ। পুরোনো বাঁধের ভাঙা অংশও রয়ে গেছে অরক্ষিত। ফলে কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকার লক্ষাধিক মানুষ এখনো প্রাকৃতিক দুর্যোগের আতঙ্কে দিন কাটাচ্ছেন।
২০০৭ সালের ১৫ নভেম্বর বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর গভীর রাতে শুরু হয় ঝোড়ো বাতাস। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নেয় ঘূর্ণিঝড় সিডর। নদীর জোয়ার ও প্রবল বাতাসের সঙ্গে আসা জলোচ্ছ্বাসে মুহূর্তেই তছনছ হয়ে যায় উপকূলীয় জনপদ। কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানি উপচে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ক্ষেতাচিড়া ও মাঝের চরসহ ভান্ডারিয়া, জিয়ানগর এবং সদর উপজেলার নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সিডরের ১৯ বছর পরও মঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া ও পিরোজপুর সদর উপজেলার নদীপাড়ের মানুষের আতঙ্ক কাটেনি। জোয়ারের পানি ও সামান্য বর্ষণেই নিম্নাঞ্চল প্লাবিত হয়। নদীভাঙন এবং অরক্ষিত বেড়িবাঁধের কারণে বসতভিটা ও ফসলি জমি হারানোর শঙ্কায় রয়েছেন তাঁরা।
জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বেপসাবুনিয়া গ্রাম সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সেদিন এই ইউনিয়নে প্রাণ হারান ৫৭ জন। ওই গ্রামের শিশু রাব্বিও ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। ১৯ বছর পেরিয়ে গেলেও সন্তান হারানোর শোক ভুলতে পারেননি তার মা হনুফা বেগম ও পরিবারের সদস্যরা।
হনুফা বেগম বলেন, ‘সিডরে আমার সব শেষ হয়ে গেছে। আমার সন্তানকে হারাইছি। বন্যায় আমাগো এলাকার অনেক মানুষ মারা গেছে। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। ওই সব ঘূর্ণিঝড়ে আমাগো বাড়িঘর তলাইয়া গেছে। গত বছরেও যে বন্যাটা হইছে, গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’
রাব্বির বোন শাহনাজ বলেন, ‘আমাগো বলেশ্বর নদীর তীরে বাড়ি। এহানের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে। মোগো এহানে উঁচু ঘরবাড়ি নেই। যেকারণে সামান্য ঝড়েই ভয়ে থাকি। নিরাপদ আশ্রয়ে নেওয়ার কোনো জায়গা নেই। এহানে একটা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র দরকার।’
স্থানীয় বাসিন্দা লোকমান শেখ (৭৫) সিডরের ভয়াবহতার স্মৃতিচারণা করে বলেন, ‘ঘূর্ণিঝড় সিডর ২০ মিনিট ছিল। হেইয়ার মধ্যে অনেক কিছু হয়ে গেছে। রাস্তার ইটগুলো সব উল্টাইয়া লইয়া গেছে কোলার মাঝখানে। তারপরে পানি ঘুরতে ঘুরতে উঠছে। সমস্ত কিছু মারা গেছে। গরু মরছে, ছাগল মরছে, হাঁস-মুরগি মরছে। মোরা পানির লগে ভাইসা গেছি। এখানে মানুষ মরছে একজন, মাঝের চরে মানুষ মরছে তিনজন। আমার গরু মরছে চারডা ও ছাগল মরছে আটডা।’
স্থানীয় শামসুদ্দিন মোল্লা (৬৫) বলেন, ‘এখন যে বেড়িবাঁধ আছে, এতে মানুষের বাঁচার কোনো নিশ্চয়তা নেই। একটু ঝড় হলেই পানিতে সব তলিয়ে যায়। একটা ভালো বেড়িবাঁধ হলে মানুষ বাঁচতে পারত। মাটি সব গলে গেছে, মাথা সমান পানি হয়েছে। অনেক গরু-ছাগল ও মানুষ মারা গেছে।’
স্থানীয় জনপ্রতিনিধি সেন্ট শেখ বলেন, সিডরের সময় তাঁর ইন্দুরকানী উপজেলায় ৬০ থেকে ৬৫ জনের মৃত্যু হয়েছিল। তাঁর ওয়ার্ডেও তিন-চারজন মারা যান। তিনি বলেন, ‘সিডরের সময় যে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, ২০ বছর পার হলেও সেই বাঁধের ইটের কাজ ঠিক হয়নি। এখনো সব ভাঙাচোরা অবস্থায় আছে। রাস্তাঘাটেরও তেমন উন্নয়ন হয়নি।’
শুধু বেড়িবাঁধ নয়, দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্র ও নিরাপদ যোগাযোগব্যবস্থার অভাবও রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও সড়ক যোগাযোগের উন্নয়ন করতে হবে।
এদিকে সিডরের পর পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে দুর্যোগ মোকাবিলায় সদস্যদের প্রশিক্ষণ ও সক্ষমতা আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সিডর-পরবর্তী সময়ে তাঁরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। বর্তমানে দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টের সদস্যরা আরও দক্ষ ও প্রস্তুত রয়েছেন।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, কঁচা নদীর বেড়িবাঁধ নিয়ে সমীক্ষার কাজ চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদনে যেসব এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত হবে, সেসব এলাকার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দাখিল করে দ্রুত কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, পিরোজপুর জেলায় ৪২৪টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং সেগুলো চালু রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সিডরের পর ফণী, আইলা ও আম্পানসহ একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছেন পিরোজপুরের উপকূলবাসী। তবু নদীতীরবর্তী অনেক এলাকায় বেড়িবাঁধের স্থায়ী সংস্কার না হওয়ায় তাঁদের দুশ্চিন্তা কাটছে না। ১৯ বছর পরও তাঁদের দাবি একটাই—নদীভাঙন ও জলোচ্ছ্বাস থেকে বাঁচতে চাই টেকসই বেড়িবাঁধ, নিরাপদ আশ্রয়কেন্দ্র ও উন্নত যোগাযোগব্যবস্থা।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন