ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লার সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধুখালী উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।
এমপি উপস্থিত হলে ইউএনওসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ইউএনও’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মধুখালী উপজেলার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির ও নেতাকর্মী, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ের সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সেসব বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য।
প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, ফরিদপুর-১ আসনকে একটি মডেল আসনে পরিণত করা হবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি মধুখালী থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শক্ত অবস্থান নিয়ে কাজ করার আহ্বান জানান এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, “আমি শুধু একটি দলের নেতা নই, এখন আমি এই আসনের সকল মানুষের প্রতিনিধি। সকলের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও সহযোগিতার আহ্বান জানান।

