সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান-এর সভাপতিত্বে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষাপটে তাকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।


এর আগে সকাল পৌনে ১১টার দিকে নতুন সরকার গঠনের অংশ হিসেবে তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির এমপিরা শপথ নেন। শপথ গ্রহণের পরই তারা সংসদীয় দলের বৈঠকে বসেন।


আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দফতর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এটি দেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো সরকার গঠন। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।


সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।