রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি, ইফতারে মিলবে ২৫০ মিলি পানি বহনের অনুমতি
ছবিঃ সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে নতুন সময়সূচিতে চলবে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। ইফতারের সময় যাত্রীদের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতিও দেওয়া হয়েছে।


মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় নতুন সময়সূচি প্রকাশ করা হয়।


নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রোরেল চলাচল করবে।


নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।


হেডওয়ে (ট্রেনের ব্যবধান)


উত্তরা উত্তর–মতিঝিল রুটে:


সকাল ৬:৩০–৭:১০ → ২০ মিনিট

৭:১১–৭:৩০ → ১০ মিনিট

৭:৩১–৮:১০ → ৮ মিনিট

৮:১১–৯:৫৩ → সাড়ে ৫–৬ মিনিট

৯:৫৪–দুপুর ২:৫৬ → ৮ মিনিট

২:৫৭–৫:৪১ → সাড়ে ৫–৬ মিনিট

৫:৪২–৬:১৩ → ৮ মিনিট

৬:১৪–৯:০০ → ১০ মিনিট

৯:০১–৯:৩০ → ১৫ মিনিট


মতিঝিল–উত্তরা উত্তর রুটে:


৭:১৫–৭:৩০ → ১৫ মিনিট

৭:৩১–৮:০০ → ১০ মিনিট

৮:০১–৮:৪৮ → ৮ মিনিট

৮:৪৯–১০:৩১ → সাড়ে ৫–৬ মিনিট

১০:৩২–৩:৩৪ → ৮ মিনিট

৩:৩৫–৬:২০ → সাড়ে ৫–৬ মিনিট

৬:২১–৬:৫২ → ৮ মিনিট

৬:৫৩–৯:৪০ → ১০ মিনিট

৯:৪১–১০:১০ → ১৫ মিনিট


ইফতার সংক্রান্ত নির্দেশনা


রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যাতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


এদিকে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।