টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তিনি দাবি করেছেন, বর্তমান পাকিস্তান দলে মানসম্পন্ন ফাস্ট বোলার ও নির্ভরযোগ্য ব্যাটার দু’টিরই অভাব রয়েছে এবং এভাবে চললে তাদের টি-টোয়েন্টি খেলার প্রয়োজনই নেই।
রোববার(১৫ ফেব্রুয়ারি) ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই ছিল নিষ্প্রভ। পেসার শাহিন আফ্রিদি দুই ওভারে ৩১ রান দিয়ে নেন মাত্র একটি উইকেট। অন্যদিকে অধিনায়কসুলভ ভরসা হিসেবে বিবেচিত বাবর আজম ৭ বলে ৫ রান করে দ্রুত আউট হন। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, 'একসময় যে দলে ওয়াকার ইউনুস, ইমরান খান ও ওয়াসিম আকরাম এর মতো কিংবদন্তি পেসার ছিলেন, সেই দল এখন একজন কার্যকর ফাস্ট বোলার খুঁজে পেতেও সংগ্রাম করছে। তার মতে, বাবর আজম যদি দলের প্রধান ম্যাচ উইনার হন, তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্য পাওয়া কঠিন।
এর আগে গত বছর এশিয়া কাপেও টানা তিন ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। ফলে ঐতিহ্যবাহী ভারত-পাকিস্তান লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার ধার কমে যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ক্রিকেট বুদ্ধদের মতে, একসময় ভয়ংকর পেস আক্রমণ ও প্রতিভাবান ব্যাটিং লাইনআপের জন্য পরিচিত পাকিস্তান এখন পুনর্গঠনের চ্যালেঞ্জের মুখে। দলীয় কৌশল, খেলোয়াড়দের ফর্ম ও নেতৃত্ব, সবকিছু নতুন করে সাজাতে না পারলে এই একতরফা চিত্র বদলানো কঠিন হবে।

