ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জোয়ারকান্দি গ্রামে ফরিদপুর–বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ১৬ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি এলাকায়, স্থানীয় বাসিন্দা ফয়সাল মাতুব্বরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরগামী চাকলাদার পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-২২ ০৫) একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে ভবুকদিয়া থেকে পুকুরিয়াগামী একটি ইজিবাইক সামনে পড়ে। এ সময় বাসচালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের খাদে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, নগরকান্দা থানার এসআই সনাতন এবং ভাঙ্গা হাইওয়ে থানার এটিএসআই বিল্লাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ জানায়, ফরিদপুর থেকে ভাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক ভাঙাচোরা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

