বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দেশব্যাপী উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ইয়ুথ আইডিয়া কন্টেস্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে প্রজেক্ট প্রেজেন্টেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের 'ডায়নামিক প্রোজেক্ট ইনোভেটরস' টিম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শতাধিক উদ্ভাবনী প্রজেক্টের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে এই সাফল্য ঘরে তোলে দলটি।
“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এর মধ্যে প্রজেক্ট প্রেজেন্টেশন বিভাগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ডাইনামিক প্রজেক্ট ইনোভেটরস টিম একটি বন্যা-প্রতিরোধী স্মার্ট হাউজিং সল্যুশন উপস্থাপন করে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে।
প্রকল্পটিতে বন্যার সময় পানির উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে আধুনিক হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে বাড়িটি স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ উচ্চতায় উঠে যায়, ফলে মানুষের জীবন, ঘরবাড়ি ও সম্পদ মারাত্মক ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষিত থাকে। বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশের বাস্তবতায় এই উদ্ভাবনটি একটি টেকসই ও আগাম ক্ষয়ক্ষতি প্রতিরোধমূলক সমাধান হিসেবে বিশেষ প্রশংসা পায়।
চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের পর ডাইনামিক প্রজেক্ট ইনোভেটরস টিম নিজেদের অনুভূতি জানিয়ে বলেন, দেশের সেরা মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করে এই অর্জন তাদের জন্য গর্বের এবং এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা বিশ্বাস করেন, বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই আগামীর বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতৃবৃন্দ। দেশবরেণ্য শিক্ষাবিদ ও অভিজ্ঞ বিচারকমণ্ডলীর উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি মানসম্মত ও কার্যকর উদ্ভাবনী প্ল্যাটফর্মে পরিণত হয়।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এই ‘ইয়ুথ আইডিয়া কন্টেস্ট ২০২৬’ আয়োজন করা হয়।

