ভূমিদস্যুতার কারণে ঢাকা-১১ আসনে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন এই আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা-১১ আসনে উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা। এই এলাকার শত শত মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। ৫ আগস্টের আগে প্রধান দুই দলের স্থানীয় নেতারাই ভূমি দখল করেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় নাহিদ এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এখানে পর্যাপ্ত খেলার মাঠ নেই, পর্যাপ্ত স্কুল নেই, কর্মসংস্থান নেই, সরকারি হাসপাতাল নেই, সরকারি হাইস্কুল নেই, বর্ষা হলে রাস্তাঘাট তলিয়ে যায়। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করবো। যারা ভূমি হারিয়েছে তাদের ভূমি ফিরিয়ে দিবো অথবা অন্য ব্যবস্থা করবো।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে আধিপত্যবাদ এবং সন্ত্রাসবাদ মুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ১২ তারিখে এ অঞ্চলের মানুষ ভূমিদস্যু দখলদারদের ব্যালটের মাধ্যমে জবাব দেবে।
এ সময় নাহিদ ইসলাম ১১ দলীয় ঐক্যজোটের সকল প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট।

