সব বাধা পেরিয়ে ভারতে প্রিন্স সিনেমার শুটিং শুরু
ছবিঃ সংগৃহীত

ভিসা জটিলতা ও নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’–এর শুটিং। নির্ধারিত সময়ের বেশ পরে হলেও বর্তমানে পুরোদমে কাজ চালাচ্ছে ছবির টিম। প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে বিলম্ব হওয়ায় শুটিং নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।


রোজার ঈদে মুক্তির লক্ষ্য থাকায় সময় বাঁচাতে গত ৬ জানুয়ারি দেশে শুটিং শুরু করেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। পাশাপাশি বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় গিয়েও কিছু অংশের দৃশ্যধারণ করা হয়। তবে গল্পের প্রয়োজনে ভারতের লোকেশন অপরিহার্য হওয়ায় শেষ পর্যন্ত ভিসার অপেক্ষায় ছিলেন নির্মাতারা।


এদিকে ভারতে শুটিং শুরু হলেও এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে রাজি নন পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কাজ দ্রুত শেষ করতেই তাদের মূল মনোযোগ। কোনো ধরনের বিড়ম্বনা এড়াতে আপাতত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। শুটিংয়ের বড় অংশ শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।


ভিসা জটিলতায় শুটিং পিছিয়ে গেলেও আসছে রোজার ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব ভক্তদের জন্য এটি হতে পারে উৎসবের বড় চমক। নিরবচ্ছিন্নভাবে কাজ শেষ করা গেলে নির্ধারিত সময়েই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।