হামলার নির্দেশদাতা ও জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে: সাদিক কায়েম
ছবিঃ সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। 


আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠিতে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই হামলার নির্দেশদাতা ও জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আলটিমেটাম দেন। অন্যথায় সারা দেশে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।


আন্দোলনকারীদের ওপর পুলিশের অ্যাকশনের তীব্র সমালোচনা করে সাদিক কায়েম বলেন, “শহীদ ওসমান হত্যার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আজ যমুনার সামনে চলমান আন্দোলনে জনতার ওপর যারা নৃশংস হামলা করেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের উত্তরসূরীরা আবারও রাজপথ দখল করবে।”


দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডাকসু ভিপি বলেন, “আমরা দেখছি প্রতিবিপ্লবী ও আধিপত্যবাদী শক্তি—ভারতীয় তাবেদাররা আবারও ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়েছে। আমাদের সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। দিল্লির তাবেদার ও ভারতীয় আগ্রাসনের পক্ষে যারা দাঁড়িয়ে আছে, এবার তাদের রুখে দিতে হবে।”


উল্লেখ্য, আজ বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ শতাধিক নেতাকর্মী আহত হওয়ার দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই ঝালকাঠি থেকে তাৎক্ষণিক এই কড়া প্রতিক্রিয়া জানান ডাকসু ভিপি।