ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে
ছবিঃ সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে।


সংগঠনটির দাবি, সংঘর্ষে তাদের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং ডাকসু ও রাকসুর নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। একপর্যায়ে নেতাকর্মীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।


ইনকিলাব মঞ্চের এক বার্তায় জানানো হয়, "জাবের ভাই গুলিবিদ্ধ। ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।" এ ছাড়া রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এদিকে, আবদুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক বার্তায় জানানো হয়, শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার এবং আপাতত জমায়েত না করে চিকিৎসা শেষে পুনরায় রাজপথে ফেরার আহ্বান জানানো হয়।


উল্লেখ্য, শরিফ ওসমান হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ও ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা। সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।