ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মিসাইল ত্যাগ করতে হবে ইরানকে: ত্রিপক্ষীয় আলোচনার নতুন ছক
ছবিঃ সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামীকাল ওমানের রাজধানী মাস্কাটে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সম্ভাব্য এ বৈঠক সামনে রেখে মধ্যস্থতাকারী দেশ তুরস্ক, মিসর ও কাতার একটি প্রস্তাবিত আলোচনার কাঠামো তৈরি করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক্সক্লুসিভ প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের বরাতে আলজাজিরা জানায়, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।


প্রস্তাবে বলা হয়েছে, আগামী তিন বছর ইরান কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। এই সময়সীমা শেষে তাদের মাত্র ১ দশমিক ৫ শতাংশ হারে সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হতে পারে। বর্তমানে ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম, যার মধ্যে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়াম রয়েছে, তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলা হয়েছে।


এছাড়া ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাব রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিসাইল উৎপাদন সীমিত করা এবং এর আঘাত হানার পাল্লা কমানোর দাবিও তোলা হয়েছে।


প্রস্তাবিত কাঠামোয় হিজবুল্লাহ ও হুতির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র, প্রযুক্তি বা অন্যান্য সহায়তা বন্ধ করার শর্তও রাখা হয়েছে।


সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ‘অগ্রাসনবিরোধী চুক্তি’ নিয়েও আলোচনা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।


তবে মধ্যস্থতাকারীদের এই কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি মিসাইল কর্মসূচি ও প্রক্সি বাহিনীর সহায়তার বিষয়গুলো চুক্তির আওতায় আনার দাবি জানিয়ে আসছে।