বিশেষ আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে কাবাবের কদর সবসময়ই আলাদা। আর সেই কাবাব যদি হয় গরুর মাংসের, তাহলে তো কথাই নেই। মসলাদার স্বাদের ভক্তদের জন্য আজ থাকছে সুস্বাদু গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির সহজ রেসিপি। ঘরেই অল্প সময় ও সাধারণ উপকরণে তৈরি করা যাবে এই মুখরোচক পদ, যা যেকোনো অনুষ্ঠানে যোগ করবে বাড়তি আকর্ষণ।
যা যা লাগবে:
হাড় ছাড়া গরুর মাংস: আধা কেজি
ছোলার ডাল বা বুটের ডাল: ২ কাপ
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি: ২ টেবিল চামচ
শুকনা মরিচ: ৪টি
গোল মরিচের গুঁড়া: আধা চা চামচ
গরম মসলার গুঁড়া: আধা চা চামচ
ডিম: ১টি
লবণ: পরিমাণমতো
তেল: কাবাব ভাজার জন্য
যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংস ভালোভাবে কিমা করে নিন। এরপর একটি প্রেশার কুকারে ২ কাপ পানি দিয়ে তাতে কিমা করা মাংস, ছোলার ডাল, আদা-রসুন বাটা, শুকনা মরিচ, গরম মসলার গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ একসাথে দিয়ে সেদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে এবং মাংস ও ডাল নরম হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন।
এবার সেদ্ধ করা মিশ্রণটি ব্লেন্ডার বা শিলপাটায় ভালোভাবে বেটে নিন। এর সঙ্গে যোগ করুন পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচের গুঁড়া, ডিম ও প্রয়োজনমতো লবণ। সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে কাবাবের মিশ্রণ তৈরি করুন।
মিশ্রণ থেকে পছন্দমতো আকারে কাবাব বানিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো এপিঠ-ওপিঠ করে ভেজে নিন। খেয়াল রাখবেন, অতিরিক্ত তাপে ভাজলে কাবাব পুড়ে যেতে পারে।
মজাদার ও ঝাল স্বাদের এই গরুর মাংসের স্পাইসি কাবাব গরম গরম পরিবেশন করুন সালাদ, লেবু কিংবা চাটনি দিয়ে। বিশেষ আয়োজন হোক কিংবা পারিবারিক আড্ডা—এই কাবাব যে সবার মন জয় করবে, তা বলাই বাহুল্য।

