হাফিজ উদ্দিন খানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খান বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।


মৃত্যুর খবরটি জানা মাত্র প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের দীর্ঘ কর্মজীবনকে স্মরণ করে বলেন, “এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তার নিষ্ঠা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”


প্রফেসর ইউনূস আরও বলেন, “ব্যক্তিগত জীবনেও তিনি আমার একজন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা সময়ে তার প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা আমাকে সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম।”


তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পরিকল্পনা এবং আরও কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। কর্মজীবন জুড়ে তিনি রাষ্ট্র ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।