ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে উত্তমপুর বাজারে নির্মাণাধীন বড়ইয়া ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি।রোববার স্থানীয়দের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের করা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে।পরিদর্শন শেষে ইউএনও নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি জানান, নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপাতত নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।