দেশের মানুষের সুশাসন নিশ্চিত করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, "একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আমাদের আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। আর সেই যুদ্ধটি হলো জনগণকে দেওয়া আমাদের প্রতিটি প্রতিশ্রুতি (কমিটমেন্ট) বাস্তবায়ন করা।" তিনি উল্লেখ করেন যে, ১২ তারিখের নির্বাচনের আগে ইশতেহারটি কেবল জাতীয়তাবাদী দলের ছিল, কিন্তু ৫২ শতাংশ মানুষের সরাসরি সমর্থন পাওয়ার পর তা এখন পুরো বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে এটি বাস্তবায়ন করতে হবে।তিনি অতীতের দুঃসহ স্মৃতি স্মরণ করে বলেন, "ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা যখন অবর্ণনীয় নির্যাতন, গুম ও খুনের শিকার হচ্ছিলেন, তখনও আমরা দেশে এমন একটি গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম যেখানে সুস্থ তর্ক-বিতর্ক এবং মানুষের কথা বলার অবারিত সুযোগ থাকবে। আমরা এখন সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।"দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি দেশ গড়তে চায় যেখানে শিক্ষার্থীরা শিক্ষার চমৎকার পরিবেশ পাবে এবং প্রতিটি নাগরিক রাস্তায় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। বিগত নির্বাচনটি অত্যন্ত কঠিন ছিল উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা ধরে রাখার এবং সুশাসন প্রতিষ্ঠার নির্দেশ দেন।