বিপ্লবী বার্তা

ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাসুদ সাঈদী, তাৎক্ষণিক সহায়তা ঘোষণা

পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। ক্ষতিগ্রস্ত ১৪টি দোকানের প্রত্যেক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।শনিবার (৯ মে) সকালে এমপি মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।ইতোমধ্যে সংসদ সদস্যের নির্দেশনায় একটি বিশেষ প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত শাড়িকতলা বাজার পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের খোঁজখবর নেন এবং এমপির পক্ষ থেকে আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এমপি মাসুদ সাঈদী নিজেই তাদের সাথে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন। তিনি ব্যবসায়ীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, নগদ সহায়তার পাশাপাশি দোকান পুনর্নির্মাণের জন্য দ্রুত টিনসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে সরকারি পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন তিনি।উল্লেখ্য, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাড়িকতলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদি ও চায়ের দোকানসহ ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা যখন দিশেহারা, তখন সংসদ সদস্যের এই দ্রুত সাড়াদান ও মানবিক সহায়তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বাজার ব্যবসায়ী সমিতি। তারা ক্ষতিগ্রস্তদের দ্রুত পূর্ণাঙ্গ পুনর্বাসনের জন্য সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন।

ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাসুদ সাঈদী, তাৎক্ষণিক সহায়তা ঘোষণা