বিপ্লবী বার্তা

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের খানজাপুর গ্রামের দুবাই প্রবাসী মতিয়ার রহমান শেখের উদ্যোগে প্রায় ৭০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রতি মাসের ১০ তারিখে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। তাঁর এ মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন এলাকার অসচ্ছল পরিবারগুলো।বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল ও এক লিটার তেল। কোনো কোনো মাসে চাল, ডাল ও তেলের পরিবর্তে পাঁচ কেজি আটা ও এক কেজি চিনি বিতরণ করা হয়। নিয়মিত এ সহায়তা পেয়ে দরিদ্র পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর চাহিদা পূরণে কিছুটা স্বস্তি পাচ্ছে।মতিয়ার রহমান শেখ মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের খানজাপুর গ্রামের আবু সাঈদ শেখের ছেলে। তিনি গত ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসা করছেন। পাশাপাশি তিনি মুকসুদপুর বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।তাঁর এ মানবিক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন রাজিব শেখ, মিরাজ শেখ, রবিউল ফকির, ইউনুচ ফকির, মনা কাজী, লাবণ্য আক্তার, সামিউল ও জিসান।এ বিষয়ে দুবাই প্রবাসী মতিয়ার রহমান শেখ বলেন, “মহান আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন বলেই এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অসচ্ছল পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পারা আমার কাছে আনন্দের বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিয়েছেন।”তিনি আরও জানান, এলাকার অসুস্থ ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানেও সহযোগিতা করে থাকেন তিনি। যতদিন বেঁচে থাকবেন, ততদিন নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।স্থানীয়রা মতিয়ার রহমান শেখের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র পরিবারগুলোর দুর্ভোগ অনেকটাই কমে আসবে।নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণের এ উদ্যোগ এলাকায় মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ