নোয়াখালীর সদর উপজেলায় অভিনব কৌশলে প্লাস্টিকের জুতার ভেতর লুকানো ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নর চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৪০)। তিনি উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, সকাল পৌনে ৮টার দিকে পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের সামনে অবস্থিত দুলাল অটো সার্ভিসিং সেন্টার-এর সামনে থেকে সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে আটক করা হয়। পরে তার পরনে থাকা একটি প্লাস্টিকের জুতার ভেতর বিশেষভাবে লুকানো দুটি পলি প্যাকেট থেকে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনা মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ধরা হচ্ছে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

