পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, এবারের নির্বাচন তার দেখা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন। তিনি দাবি করেন, দেশে নির্বাচনকে ঘিরে অতীতে সন্ত্রাস, সংঘর্ষ ও রক্তপাতের ঘটনা ঘটলেও এবার সারা দেশে কোনো রক্তক্ষয়ী ঘটনা ঘটেনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশের নির্বাচন মানেই নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, আহত-নিহত ও মামলা-মোকদ্দমার ঘটনা—এমন ধারণা ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার সারা দেশে একটি রক্তাক্ত ঘটনাও ঘটেনি। এজন্য অন্তর্বর্তী সরকার ধন্যবাদ পাওয়ার প্রাপ্য।”
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য এক—দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা। তবে স্বাধীনতার ৫৪ বছর পরও শোষণ ও বৈষম্যহীন, ইনসাফপূর্ণ সমাজ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময়ে দেশকে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, যার প্রভাব উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় পড়েছে। তবুও এবারের নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শেষে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের সদস্যদের ধন্যবাদ জানান।

