কুড়িগ্রামের ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ফুলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস বিক্রেতা ইকরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশর সদস্যরা।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী বাজারে পচা গরুর মাংস বিক্রির সময় স্থানীয় জনতা কসাই ইকরামুল হককে হাতেনাতে আটক করে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
পরে ম্যাজিস্ট্রেট, ভেটেরিনারি সার্জন ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত পচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।
দণ্ডপ্রাপ্ত ইকরামুল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, রমজান মাসে জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

