ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে রাজধানীর বাড্ডা এলাকার একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সকাল সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমার জীবনের প্রথম ভোট প্রদান করলাম। আপনারা দলে দলে নির্ভয়ে ভোট দিতে আসুন। আজ দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন।”
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ বলেন, “আমাদের বিভিন্ন প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা মনে করি মানুষ ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে। আশা করি প্রশাসন, সেনাবাহিনী ও মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করবে।”
সরকার গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। ভোট যেন সুষ্ঠু হয় এজন্য ভোটকেন্দ্র পাহারা দেবো। ভোট সুষ্ঠু হলে জনগণের রায় মেনে নেবো। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।”
ঢাকা–১১ আসনে নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম, যিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন।

