চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।
ধর্মঘটের প্রভাবে জেটি, ইয়ার্ড ও টার্মিনালের পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস কাজ বন্ধ রয়েছে। এর ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সকাল থেকে বন্দর এলাকায় যানবাহনের আনাগোনা নেই বললেই চলে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বন্দর কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের নিয়ে জরুরি সভা ডাকলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনরতদের দাবিগুলোর মধ্যে রয়েছে—এনসিটি ইজারা বাতিল, বন্দর চেয়ারম্যানের প্রত্যাহার এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা ও হয়রানি বন্ধ করা।
পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন অভিযোগ করেন, প্রশাসন শ্রমিক নেতাদের ভয় দেখিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

