নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারা দেশে দোকানপাট বন্ধ
ছবিঃ সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে শিল্পকারখানার শ্রমিকদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন ছুটি থাকছে।


সরকার ইতোমধ্যে নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। এছাড়া ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচনকে কেন্দ্র করে টানা কয়েক দিন ছুটি পাচ্ছেন অনেকেই।