৯ম পে-স্কেল কার্যকরের দাবিতে সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও
ছবিঃ সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। 


আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার প্রবেশমুখে অবস্থান নিলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।


প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী সূত্রে জানা গেছে, আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার সরকারি কর্মচারী সমবেত হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। পথে কয়েক দফা পুলিশের বাধা ও জলকামান থেকে পানি নিক্ষেপ করা হলেও কর্মচারীরা তা উপেক্ষা করে এগোতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে এবং কর্মচারীরা বিভিন্ন দাবি-দাওয়ার সমর্থনে স্লোগান দিতে থাকেন।


আন্দোলনরত কর্মচারীদের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় নবম পে-কমিশন গঠন করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও গেজেট প্রকাশ করা হয়নি। তারা দাবি করেন, বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও গেজেট কার্যকর না করে সাধারণ কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আজকের মধ্যেই যদি গেজেট প্রকাশের সুনির্দিষ্ট ঘোষণা না আসে, তবে তারা রাজপথ ছেড়ে একচুলও নড়বেন না বলে হুঁশিয়ারি দেন।


দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ শুরু করে। এতে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলেও অনেক আন্দোলনকারীকে জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অনড় অবস্থানে থাকতে দেখা গেছে।


উল্লেখ্য, বেতন বৈষম্য দূর করার লক্ষ্যে গত তিন দিন ধরে দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন সরকারি কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার সেই কর্মবিরতি বাড়িয়ে চার ঘণ্টা করা হয়েছিল। এর ধারাবাহিকতায় দাবি আদায়ে আজ তারা চূড়ান্তভাবে রাজপথে নেমেছেন। যমুনা ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও আন্দোলনকারীরা কর্মসূচি আরও কঠোর করার প্রস্তুতি নিচ্ছেন।