শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি, ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন করে নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং নিয়মিত সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত তিন সদস্য হলেন—দৈনিক ইত্তেফাকের কাঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. আব্দুল হালিম, দৈনিক সমকালের কাঠালিয়া প্রতিনিধি মো. ফারুক হোসেন এবং দৈনিক ইনকিলাবের কাঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. সাকিবুজ্জামান সবুর।ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, বহিষ্কৃত সদস্যরা দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে ক্লাব ও সাংবাদিকতা পেশার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব প্রচারসহ নানা ধরনের ষড়যন্ত্র করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর তাদের নেতৃত্বে ‘কাঠালিয়া প্রেসক্লাব’ নামে নিয়মবহির্ভূতভাবে পৃথক একটি সংগঠন গঠন করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাঠালিয়া প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে সংগঠনের শৃঙ্খলা, সাংগঠনিক নিয়ম ও মর্যাদা রক্ষার স্বার্থে ওই তিন সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের সাংগঠনিক শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন সদস্যের সদস্যপদ বাতিল ও বহিষ্কার কার্যকর করা হয়েছে।