২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।শনিবার (২৮ মার্চ ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব কেন্দ্রসচিব ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনাগুলো বাস্তবায়নের কথা বলা হয়েছে।আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষকে সরবরাহ করতে বলা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি টাঙাতে হবে এবং কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।নকল প্রতিরোধে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। এছাড়া কেন্দ্রের প্রধান ফটকে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা টাঙিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।পরীক্ষা কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। মাউশি জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করলে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।