বিশ্বের অধিকাংশ দেশে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হলেও যুক্তরাষ্ট্রে চিত্র ভিন্ন। সেখানে শ্রমিকদের সম্মানে জাতীয় ছুটি পালিত হয় প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সোমবার। ইতিহাসবিদদের মতে, এটি কোন কাকতালীয় সিদ্ধান্ত ছিল না বরং ১লা মে এর শ্রমিক আন্দোলন ও পুঁজিবাদবিরোধী বৈপ্লবিক চেতনা থেকে জনগণকে দূরে রাখার রাজনৈতিক কৌশল ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে যুক্তরাষ্ট্রে শ্রমিকরা দীর্ঘ সময় কম মজুরিতে কাজ করতেন। এর প্রতিবাদে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন গড়ে ওঠে। ১৮৮৬ সালে আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। শিকাগোর হে-মার্কেট স্কয়ারে সমাবেশে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বহু হতাহতের ঘটনা ঘটে। পরে কয়েকজন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই আত্মত্যাগের স্মরণেই বিশ্বজুড়ে ১ মে শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায়। তবে যুক্তরাষ্ট্র সরকার ১ মে’র সঙ্গে জড়িয়ে থাকা বিপ্লবী ভাবমূর্তিকে এড়িয়ে যেতে চায়। ১৮৯৪ সালের পুলম্যান ধর্মঘট দমনের পর প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড সেপ্টেম্বরের প্রথম সোমবারকে ‘লেবার ডে’ হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরেই শ্রমিক দিবস পালিত হচ্ছে। বর্তমানে দিনটি দেশটিতে অনেকের কাছে শুধু একটি সরকারি ছুটির দিন হিসেবেই পরিচিত।