বিপ্লবী বার্তা

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর, জানালেন আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া ঈদের পর শুরু হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাক যৌথভাবে ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ : দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।আইনমন্ত্রী বলেন, মামলার গুরুত্বপূর্ণ ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাতে পাওয়ার আশা করা হচ্ছে। রিপোর্ট মিললে ঈদুল ফিতরের আগেই আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে। এরপর ঈদের ছুটি শেষে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করা যাবে।তিনি আরও বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া অভিযোগপত্র জমা দিলে পরবর্তীতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সব প্রমাণ নিশ্চিত করেই তদন্ত শেষ করতে চায় পুলিশ।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগার বিষয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী জানান, বিচারিক আদালতের রায়ের পর মামলাগুলো উচ্চ আদালতে পাঠানো হয়। সেখানে পেপার বুক প্রস্তুত করতে সময় বেশি লাগায় বিচার কার্যক্রম দীর্ঘ হয়।এই জটিলতা কমাতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার বিভিন্ন দিক নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর, জানালেন আইনমন্ত্রী