বিপ্লবী বার্তা

১৭ বছর যারা দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের অনেক গুপ্ত উপদেষ্টা এখন এই সরকারের মন্ত্রী।শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চলবে।তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার পর ফলাফল প্রকাশে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এরপরও “বুকে কষ্ট চেপে” তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন।গণভোট প্রসঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, ৫ কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক সংকট এবং নতুন করে রক্তপাত এড়াতে জুলাই সনদকে সংবিধান আইন হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।অন্যথায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল, মহানগর ও জেলা পর্যায়ে গোলটেবিল বৈঠকসহ ঢাকায় বড় সমাবেশ করা হবে।ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্করের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, জেলা নায়েবে আমির আব্দুল আলীম এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইনসহ অন্যান্য নেতারা। জেলার ছয় উপজেলা ও পৌরসভার ওয়ার্ড সভাপতিরা দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন।

১৭ বছর যারা দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার