এবার বাড়লো বাস ভাড়া
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ তথ্য জানান সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন নির্ধারণ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা বাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার বাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রেখে ১০ টাকাই রাখা হয়েছে।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে সরকার সেটি আংশিক অনুমোদন দিয়ে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।