পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও পুনর্বহাল করা হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) লেখাটি। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ (ওয়াটারমার্ক) পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই পরিবর্তনের অংশ হিসেবে ই-পাসপোর্টের ভেতরের পাতার প্রায় এক ডজন ওয়াটারমার্ক নতুনভাবে ডিজাইন করা হবে। নতুন ডিজাইনে শহীদ আবু সাঈদের ছবির পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শনও ফুটিয়ে তোলা হবে।স্বাধীনতার পর থেকেই বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত, ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’ (এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ)। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং অতীতেও কখনো ছিল না। তবে বিগত সরকারের আমলে ই-পাসপোর্ট চালুর পর আন্তর্জাতিক মানদণ্ডের দোহাই দিয়ে এই লেখাটি বাদ দেওয়া হয়েছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এবার সেই আগের অবস্থানই পুনর্বহাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বীরত্ব ও আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে অম্লান করে রাখতেই পাসপোর্টের ভেতরের পাতায় তাঁর ছবি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন ডিজাইনে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা ও নিদর্শন জলছাপ হিসেবে যুক্ত করা হবে, যা বিশ্বদরবারে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, পাসপোর্টের এই নতুন ডিজাইনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুতই এই নতুন পাসপোর্ট মুদ্রণের প্রক্রিয়া শুরু হবে।