গাজীপুরে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। শনিবার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। নিহতরা হলেন, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মো. শরিফ উদ্দীন। তিনি জানান, পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা পুলিশের এর একাধিক টিম কাজ শুরু করেছে।পুলিশ জানায়, পরিবারটি রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকত। ফোরকান মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। সকালে বাড়ির বসতঘরের মেঝেতে তিন শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া রসুল মিয়ার মরদেহ খাটের ওপর এবং শারমিনের মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
জুবায়ের হোসেন জানান, প্রায় এক বছর ধরে প্রাইভেটকার চালক ফোরকান মিয়া ওই বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে সন্দেহভাজন ফোরকান মিয়া পলাতক রয়েছেন।