বিপ্লবী বার্তা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

সৌদি আরবের নাজরান শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু। এর আগে, গত শনিবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত নুর করিম ফরহাদ সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে। অন্যদিকে আহতরা হলেন—একই এলাকার বাসিন্দা মো. জুলেয়ল (২৮) ও মো. হোসেন (৩২)।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় তিন বছর আগে সৌদি আরবে যান ফরহাদ। সম্প্রতি তিনি নুর হোসেন নামে এক যুবককে সেখানে নিয়ে যান। গত শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় তাদের বহনকারী গাড়িটির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।আহত জুলেয়ল ও হোসেন বর্তমানে স্থানীয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।পূর্ব চরবাটা ইউপি চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু বলেন, “ফরহাদের অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার বর্তমানে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছে।”

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২