বিপ্লবী বার্তা

টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।জানা যায়, প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন বলেও জানানো হয়।প্রশাসনিক সূত্র জানায়, কৃষক কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচসুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষিবিমাসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা, আয় বৃদ্ধি করা এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা আনা।সরকার আগামী চার বছরে প্রায় ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা। এর আগে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। তিনি জানান, টাঙ্গাইলসহ সারা দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পরে ধাপে ধাপে পাইলটিং এবং পরবর্তী সময়ে বৃহৎ পরিসরে পুরো দেশে কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান