ঈদুল ফিতর কবে? জানাল ফাতওয়া কাউন্সিল
ছবিঃ সংগৃহীত

আগামী ২০ মার্চ শুক্রবার অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ফাতওয়া কাউন্সিল, স্থানীয় ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে পরামর্শ এবং বৈশ্বিক মানমন্দিরের হিসাব-নিকাশ বিশ্লেষণের পর।


ফাতওয়া কাউন্সিল জানিয়েছে, অস্ট্রেলিয়ায় রমজান মাস শেষ হচ্ছে ১৯ মার্চ বৃহস্পতিবার। তাই ২০ মার্চ শুক্রবার দেশটিতে শাওয়াল মাসের প্রথম দিন ও ১৪৪৭ হিজরি সালের ঈদুল ফিতর উদযাপন হবে। এই তারিখ নির্ধারণে নতুন চাঁদের জন্ম, সূর্যাস্ত এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদের দৃশ্যমানতার গাণিতিক হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে।


কাউন্সিল জানিয়েছে, বিশ্বজুড়ে প্রখ্যাত আলেমদের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চাঁদ দেখার বিষয়ে অন্যান্য ইমাম বা আলেমদের ভিন্ন মত থাকতে পারে বলে স্বীকার করা হয়েছে। তারা মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার এবং নিজেদের মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।


অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও জাতীয় ইমাম পরিষদের সদস্যরা দেশটির মুসলিমদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তারা গাজার ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য দোয়া করতে এবং সামর্থ্য অনুযায়ী সাহায্যার্থে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মুসলিমদের প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে মেলামেশার মাধ্যমে ইসলামের শান্তির বার্তা ও সঠিক ভাবমূর্তি তুলে ধরার পরামর্শ দিয়েছেন।


জ্যোতির্বিজ্ঞানের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী এই নিখুঁত হিসাব নিশ্চিত করেছে ফাতওয়া কাউন্সিল, যা ঈদ উদযাপনকে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে আয়োজনের পরিবেশ নিশ্চিত করবে।