মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিযোগিতা হয়। এতে ক্যাম্পাস পাশ্ববর্তী বিভিন্ন স্কুলের শতাধিক শিশু অংশ নেন। এসময় তারা বাংলাদেশের প্রকৃতি, জাতীয় পতাকা, শহীদ মিনার, বাংলাদেশের মানচিত্র ও ভাষা আন্দোলনের উপর চিত্রাঙ্কন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি আসিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্কুল পরিচালক তানভির আহমেদ সহ সংগঠনটির সদস্যরা।
এ বিষয়ে সংগঠনটির শাখা সহ-সভাপতি হাসিবুর রহমান বলেন, “আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা শহীদদের ত্যাগ-তিতিক্ষা ও বাংলা ভাষার গুরুত্ব সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা বুঝাতে চেয়েছি যে, শুধু মুখে নয় বরং চিত্রাঙ্কনের মাধ্যমেও আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। আমরা যদি দেশের প্রান্তিক পর্যায়ের সকল শিশুদের নিয়ে অল্প হলেও কাজ করতে পারি, তাহলে আমাদের এই বাচ্চারাই একদিন দেশের নেতৃত্ব দিবে এবং আমাদের দেশের আগামী প্রজন্ম সুন্দর একটা দেশ পাবে।”
এছাড়া ২০ শে ফেব্রুয়ারী বাদ জুমা দোয়া, ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, এক মিনিট নিরবতা পালন করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। পরে সকাল ১০ টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

