নিয়ামতপুরে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

নিয়ামতপুর উপজেলা-এ ভটভটি উল্টে মাহবুব (৩৭) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বীরজোয়ান-খড়িকাডাঙ্গা আঞ্চলিক সড়কের কাজীকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব খড়িকাডাঙ্গা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং আহত আলিম উদ্দিন একই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গরু কেনা-বেচা শেষে কয়েকজন ব্যবসায়ী ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাজীকুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাহবুব নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত আলিম উদ্দিনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত আলিম উদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।