প্রথম প্রহরে জনতার ঢল, শহীদ মিনারে শ্রদ্ধা নত সাতক্ষীরা
বিপ্লবী বার্তা
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণ হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’।


রাত ১২টা ১ মিনিটে প্রথমে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার ও পুলিশ সুপার আরেফিন জুয়েল-এর নেতৃত্বে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


এরপর জেলা বিএনপি, সাতক্ষীরা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে পুষ্পস্তবক অর্পণ করে।
ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। ছোট-বড় নানা বয়সি মানুষের ঢলে মুখরিত ছিল প্রথম প্রহর। শ্রদ্ধা জানাতে আসা মানুষ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগই বাঙালির স্বাধীনতা ও আত্মমর্যাদার চিরন্তন প্রেরণা।