গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনের ২৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। যেখানে মোট প্রার্থী ছলো ৪১ জন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের সই করা বেসরকারি ফলাফল শিটের তথ্য থেকে বিষয়টি জানা যায়।
পাঁচটি আসনে জামানত বাজেয়াপ্ত হওয়ার সংখ্যা যথাক্রমে-নরসিংদী-১ (সদর)- আসনে ছয়জন, নরসিংদী-২ (পলাশ) আসনে তিনজন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে পাঁচজন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে সাতজন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ছয়জন জামানত হারিয়েছেন।
আসন ভিত্তিক জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলো-
নরসিংদী-১ (সদর):
জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফ হোসেন, গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী, গণ অধিকার পরিষদের শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ।
এই আসনে মোট আট প্রার্থীর মাঝে ছয়জন জামানত হারিয়েছেন। বিএনপির প্রার্থী খাইরুল কবির খোকন বিজয়ী হয়েছেন।
নরসিংদী-২ (পলাশ):
এই আসনে আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির গোলাম সারওয়ার তুষার ও জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসেন ছাড়া অন্য তিনজন জামানত হারিয়েছেন। তারা হলেন— ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল, জাতীয় পার্টির এ এন এম রফিকুল ইসলাম সেলিম ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম। নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান মোট ছয় জন প্রার্থীর মাঝে ৫ জনকে পরাজিত করে জয় লাভ করেন।
নরসিংদী-৩ (শিবপুর):
আসনে জামানত হারিয়েছেন জাকের পার্টির প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, জাতীয় পার্টির একেএম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ায়েজ হোসেন ভূইয়া, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ও ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশের রায়হান মিয়া। এই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো):
আসনে জামানত হারিয়েছেন জনতার দলের আবু দার্দ্দা মো. মা'জ, বাংলাদেশ কংগ্রেসের কাজী শরীফুল ইসলাম, কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহম্মদ মিলন মিয়া, খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয় লাভ করে ৪ র্থ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নরসিংদী-৫ (রায়পুরা):
এই আসনটিতে জামানত হারিয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী সহ ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশের তাহমিনা আক্তার, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা ও স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার।
এ আসনেও যথাক্রমে জাতীয়তাবাদী দল বিএনপির ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।

