ছবিঃ বিপ্লবী বার্তা
সারা দেশের মতো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে পরীক্ষায় অংশ না নিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা সব শ্রেণি ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেছেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে তারা মনে করছেন।
শিক্ষার্থীরা জানান, পূর্বে কারিগরি খাতে ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা কারিগরি শিক্ষার শিক্ষার্থী। মাঠপর্যায়ে কাজ করার জন্য আমাদেরই প্রস্তুত করা হয়। অথচ আমাদের ন্যায্য অধিকার কেড়ে নেয়া হচ্ছে।
শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে আন্দোলনের কারণে ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। নির্ধারিত পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

