বিপ্লবী বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা ডিএপি সারসহ বিসিআইসি ডিলার ও নসিমন চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অসাধু উদ্দেশ্যে সার পরিবহনের অভিযোগে বিসিআইসি সার ডিলারসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমন চালক মো. মতিন (৪৮)।উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক দুজন স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। পরে আদালত গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে, নসিমন চালক মো. মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়েছে।এ ছাড়া গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা ডিএপি সারসহ বিসিআইসি ডিলার ও নসিমন চালক আটক