বিপ্লবী বার্তা

প্রতিমন্ত্রী শাহে আলম ঘুষকে উপহার বলে দুর্নীতিকে বৈধতা দিয়েছে: ডাঃ ইরান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রকৌশলীদের উদ্দেশে ঠিকাদারদের দেওয়া উপহারকে ঘুষ হিসেবে বিবেচনা না করার আহ্বান দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপকৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।আজ (বুধবার) এক বিবৃতিতে তিনি বলেন, একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, উদ্বেগজনক ও দুর্ভাগ্যজনক। ঠিকাদারদের কাছ থেকে প্রকৌশলী কিংবা সরকারি কর্মকর্তাদের উপহার গ্রহণের বিষয়টি কোনোভাবেই স্বাভাবিক বা নির্দোষ আচরণ হিসেবে প্রতিষ্ঠা করা যায় না। উপহারের আড়ালে অনৈতিক সুবিধা, স্বার্থের দ্বন্দ্ব ও ঘুষের লেনদেনের সুযোগ তৈরি হতে পারে।ডাঃ ইরান বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যে ঘুষ ও দুর্নীতি এখন যেন আরও বৈধতা পেয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে উপহার গ্রহণকে উৎসাহিত করার মতো বক্তব্য দুর্নীতিবিরোধী অবস্থানকে দুর্বল করবে। উপহার আর ঘুষের মধ্যে পার্থক্য নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাখ্যা নয়, বরং প্রচলিত আইন, নৈতিকতা ও স্বার্থের সংঘাতের বিষয়টি বিবেচনায় নিতে হবে।তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদার ও প্রকৌশলীদের মধ্যে পেশাগত সম্পর্ক থাকবে কাজের মান, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে। সেখানে উপহার, ব্যক্তিগত সুবিধা কিংবা অনৈতিক লেনদেনের সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ এবং রাষ্ট্রীয় অর্থের অপচয় বাড়বে। এর চূড়ান্ত ভুক্তভোগী হবে দেশের সাধারণ জনগণ।বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান যদি সত্যিকার অর্থে দৃঢ় হয়, তাহলে এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য উপহার গ্রহণের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং সরকারি ক্রয় ও উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।তিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের যথাযথ ব্যাখ্যা দাবি করে বলেন, দুর্নীতিকে উপহার, সৌজন্য কিংবা সৌহার্দ্যের নামে আড়াল করার কোনো সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের সব অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হবে। 

প্রতিমন্ত্রী শাহে আলম ঘুষকে উপহার বলে দুর্নীতিকে বৈধতা দিয়েছে: ডাঃ ইরান