বিপ্লবী বার্তা

অনীল চন্দ্র রায়

অনীল চন্দ্র রায়

কুড়িগ্রাম


একটি বাতি, ফ্যান আর মিশুক চার্জে তিন মাসে বিল ৫০ হাজার টাকা!

বিদ্যুৎ বিলের বোঝায় দিশেহারা দিনমজুর পরিবার, অফিসে অভিযোগ করেও মেলেনি সমাধান। কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার পরও তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অস্বাভাবিক এই বিলের বোঝা নিয়ে চরম বিপাকে পড়েছেন ছয় সদস্যের পরিবারটি। বারবার বিদ্যুৎ অফিসে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। তাঁর বিদ্যুৎ মিটারের হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে ২৩ হাজার ২৭ টাকা, অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে ১৭ হাজার ৮৪৩ টাকা বিল করা হয়েছে। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।ইউনুস আলীর দাবি, তাঁর বাড়িতে একটি বৈদ্যুতিক বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। এর বাইরে উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয় না। অথচ বিলের পরিমাণ দেখে তিনি হতবাক।পেশায় দিনমজুর ইউনুস আলীর সম্বল বলতে আড়াই শতক ভিটেমাটি। সেখানেই পরিবারের ছয় সদস্যকে নিয়ে গাদাগাদি করে বসবাস করেন। দিনমজুরি করে কোনোমতে সংসার চালানো এই ব্যক্তির পক্ষে তিন মাসের ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব।ইউনুস আলী বলেন, অস্বাভাবিক বিল পাওয়ার পর একাধিকবার বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছি। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাইনি। বরং দুর্ব্যবহারের শিকার হয়েছি। বাধ্য হয়েই সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়েছি।এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃতপক্ষে তাঁর বিল ৫০ হাজার টাকা হয়ে থাকলে তা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার বিপরীতে তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব কীভাবে এলো, তা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগীর দাবি, তাঁর মিটারের রিডিং ও বিল তৈরির প্রক্রিয়া সরেজমিনে যাচাই করা হোক। অস্বাভাবিক এই বিলের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে মিটার পরীক্ষা এবং ব্যবহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিল পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তিনি।

একটি বাতি, ফ্যান আর মিশুক চার্জে তিন মাসে বিল ৫০ হাজার টাকা!