ডুয়েটে তিন দফা দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি শিক্ষার্থীদের
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে চলমান আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে সোমবার (১৮ মে) সকাল থেকে তারা ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং ভেতরে কোনো ধরনের প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রমে বাধা দেন।জানা গেছে, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের পরপরই বিশ্ববিদ্যালয়ের একটি অংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামে।শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে অভ্যন্তরীণ শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। বাইরে থেকে নিয়োগ দেওয়ায় তারা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন।এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং ঢাকা–শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরদিন শুক্রবারও আন্দোলন অব্যাহত থাকে। পরে নতুন ভিসিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ক্যাম্পাসের প্রধান ফটকে ব্যানার টাঙানো হয়।এর ধারাবাহিকতায় রোববার ‘লাল কার্ড’ কর্মসূচি পালনকালে আন্দোলনরত ও ছাত্রদলের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।