নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেহেল রানা (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নম্বর চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রেহেল রানা নিয়ামতপুর থানার বেগুনবাড়ি গ্রামের মো. মোহাম্মদ আশরাফুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করা হয় এবং রেহেল রানাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেন।এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,মাদকপাচারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।