বিপ্লবী বার্তা

হৃদরোগ-স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের উপর গুরুত্ব আরোপ : চবিতে

হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং আক্রান্তদের পুনর্বাসনে ফিজিওথেরাপি ও নিয়মিত শারীরিক কার্যকলাপের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিকিৎসক ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞরা।বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ গুরুত্বারোপ করেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অডিটোরিয়ামে চবি চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‘হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সাহাদত হোসেন।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরো ডিস্যাবিলিটি রিহ্যাব ও স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান।তিনি হৃদরোগ ও স্ট্রোকের মতো জটিল রোগ প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যকলাপের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার কার্যকারিতা বৈজ্ঞানিক তথ্যের আলোকে তুলে ধরেন।সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।তিনি বলেন, রোগ প্রতিরোধ ও পুনর্বাসনের ক্ষেত্রে শারীরিক কার্যকলাপের বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত শারীরিক কসরত ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ শাহ আজমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হৃদরোগ-স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের উপর গুরুত্ব আরোপ : চবিতে