ফুলবাড়ীতে হাডুডু ফাইনালে বালারহাট চ্যাম্পিয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট হাডুডু প্রতিযোগিতা। ‘মাদককে না বলি, মাঠে গিয়ে খেলা করি’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে ফুলবাড়ী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বালারহাট হাডুডু দল।রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের টেপরির বাজারসংলগ্ন তালুক শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ ফাইনাল খেলা। মরহুম রমজান আলী মণ্ডলের স্মরণে শিমুল সীমান্ত ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় মোট আটটি দল। ফাইনাল ঘিরে মাঠে জড়ো হন হাজারো দর্শক। নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়। ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল ও যুগ্ম সদস্য সচিব আরাবুর রহমান পাশা। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।যুগ্ম সদস্য সচিব আরাবুর রহমান পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শুধু হাডুডু নয়, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। এতে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে।বক্তব্য শেষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সোহেল হোসাইন কায়কোবাদ।টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে বিজয়ী বালারহাট হাডুডু দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি বড় খাসি ছাগল তুলে দেওয়া হয়। রানার্সআপ ফুলবাড়ী হাডুডু দল পায় একটি ছোট খাসি ছাগল।স্থানীয় সহকারী শিক্ষক বেলাল হোসেন বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে বাঁচিয়ে রাখা এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে তরুণেরা সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।শিমুল সীমান্ত ক্রীড়া চক্রের সভাপতি জীবন মিয়া ও সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দর্শকদের ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা শেষ হয়েছে।প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধায়ক এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, সমাজে মাদকের নেতিবাচক প্রভাব থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটানো জরুরি। মরহুম রমজান আলী মণ্ডলের স্মৃতি ধরে রাখার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় এমন উদ্যোগ নেওয়া হলে তরুণেরা সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত হবে।উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল বলেন, খেলাধুলার চর্চা কমে যাওয়ায় অনেক তরুণ মাদকের ঝুঁকিতে পড়ছেন। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হাডুডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি উপস্থিত নেতাকর্মীদের নিজ নিজ পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান। তাঁর মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরির পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।খেলা পরিচালনা করেন মহব্বত আলী। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মশিউর রহমান। প্রতিযোগিতা সফল করতে স্থানীয় ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন।